অ্যাপল-গুগল দোস্তি চান ওজনিয়াক | EasyPayWay.com Blog
Home » Latest News » অ্যাপল-গুগল দোস্তি চান ওজনিয়াক

অ্যাপল-গুগল দোস্তি চান ওজনিয়াক

টেক জায়ান্ট অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার একান্ত ইচ্ছা ভবিষ্যতে অ্যাপল এবং গুগল যেন অংশীদার হিসেবে কাজ করে।

না, স্টিভ ওজনিয়াক অ্যাপলের চালকের আসনে বসেননি। টিম কুক এখনও প্রতিষ্ঠানটির সিইও। এতে রদবদলেরও কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। ওজনিয়াক কেবল প্রযুক্তিপ্রেমী হিসেবে তার মনের ইচ্ছাটি প্রকাশ করেছেন।

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে এ বিষয়ে ওজনিয়াককে উধৃত করেছে। বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ওই মত প্রকাশ করেন অ্যাপল সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক।

অ্যাপলের প্রথম দিকে পার্সোনাল কম্পিউটর নির্মাণে কারিগরি প্রায় সব কাজই ছিল স্টিভ ওজনিয়াকের। স্টিভ জবসের সঙ্গে নামের প্রথম অংশের মিল থাকায় ওজনিয়াককে অনেক সময় ‘আদার স্টিভ’ হিসেবেও ডাকা হয়।

সাক্ষাৎকারে ওজনিয়াককে প্রশ্ন করা হয়, অ্যাপল এবং গুগলের অংশীদারিত্বের বিষয়টি কতটুকু বাস্তবধর্মী হবে। ওজনিয়াক জবাবে বলেন, “আমি ঠিক জানি না, যদি আমি অ্যাপলে থাকতাম তাহলে এটি চমৎকার সম্ভাবনা হতে পারত। হয়তো আমি ভুল বলছি, কারণ সেখানে অন্যান্য বড় ব্যাপারও থাকতে পারে। ব্যবসায়িক চিন্তাধারা সম্পর্কে আমার কিছু জানা নেই এবং একটি জিনিস মনে রাখতে হবে, প্রতিষ্ঠানকে সবসময় অর্থ উপার্জন করতে হয়।”

ওজনিয়াক আরও জানান, তিনি বিশ্বাস করেন আমাদের বিশ্ব এমন হওয়া উচিত, যেখানে সুলভ মূল্যে অন্যের কোনো আবিষ্কার ব্যবহার করা যাবে। অনেক সময় স্যামসাং ফোনে অনেক ভালো ফিচার দেখে তিনি চিন্তা করেন, এটি যদি তার আইফোনে থাকত! যদি অ্যাপল সেগুলো ব্যবহার করত বা ব্যবহার করতে পারত এবং তিনি জানেন না স্যামসাং তাদের বাধা দিত কি না। আর হ্যাঁ, ওজনিয়াকের কল্পিত ‘দোস্তি নেটওয়ার্কে’র তালিকায় স্যামসাংও আছে যদি তাতে বিচারক লুসি কোহ-র কোনো সমস্যা না হয়!

Comments are closed.

Scroll To Top